প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

বাঞ্ছারামপুরে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে প্রবাসীর ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

অনলাইন ডেস্ক

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ববিরোধের জেরে এক সৌদি প্রবাসী তরুণের ওপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হয়েছেন সৌদি প্রবাসী আলাউদ্দিন মিয়া (২৫)। তিনি ছলিমাবাদ ইউনিয়নের কনো মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এ ঘটনায় রোববার (৯ আগস্ট) বাঞ্ছারামপুর মডেল থানায় বর্তমান প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহার, উপজেলা বিএনপির নেতাকর্মী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে আলাউদ্দিন মিয়া আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের সামনে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা আলাউদ্দিনের কাছে থাকা নগদ এক লাখ টাকা ও একটি আইফোন নিয়ে গেছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। হামলার একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ ও তার সহযোগীরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। আলাউদ্দিন তার সঙ্গে দেখা করতে উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার সময় হামলার শিকার হন বলেও তিনি দাবি করেন।

তবে মামলার আসামি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। তার জনপ্রিয়তাকে কেউ কেউ ভয় পায় বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে তা আগে আলাউদ্দিনই শুরু করেছেন বলে তার দাবি। তার লোকজন পরিস্থিতি প্রতিহত করেছে বলেও জানান তিনি।

অন্যদিকে আহত আলাউদ্দিনের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ রোজিনা বেগম , নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোঃ বেলাল সানী ৩৪ নুরজাহান শরীফ প্লাজা, তৃতীয় তলা, পুরনো পল্টন ঢাকা ১০০০।

প্রিন্ট করুন