প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে শুরু হওয়া নৌ র‍্যালিটি নদীপথে ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে এসে আনন্দ বাজার ঘাটে গিয়ে কর্মসূচি শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, “নদী বাঁচলে দেশ বাঁচবে।” জনগণকে সঙ্গে নিয়ে নদীর দখল ও দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তরী বাংলাদেশের সামাজিক আন্দোলনে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত বাধা দূর করে নদীর অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, দেশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে পিলার স্থাপনের মাধ্যমে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। নৌ র‍্যালির মাধ্যমে দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে প্রায় ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার দাবি তুলে ধরেন তিনি।

নৌ র‍্যালিতে তরী বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্বব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য, “No Forests, No Rivers, No Water, No Life”, অর্থাৎ “বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই।”

সম্পাদক ও প্রকাশকঃ রোজিনা বেগম , নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোঃ বেলাল সানী ৩৪ নুরজাহান শরীফ প্লাজা, তৃতীয় তলা, পুরনো পল্টন ঢাকা ১০০০।

প্রিন্ট করুন