বাঞ্ছারামপুরে বই পড়া কর্মসূচি ‘গ’ গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
‘আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই’—এই লক্ষ্যকে সামনে রেখে বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে বই পড়া কর্মসূচি-২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতি নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা ও সমালোচনা দেখা যায়।

বই পড়া কর্মসূচির উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে ভাগ করা হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়, ‘খ’ গ্রুপে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় এবং ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার অন্তরা। দ্বিতীয় হয়েছে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সাহা।

নবম ও দশম শ্রেণির ‘খ’ গ্রুপে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন আকিব আহমেদ, রাবেয়া বসরি, তানহা, তৌহিদা ও আনজুমান।
অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রাব্বি।
নিজেদের প্রতিষ্ঠানের এই সাফল্যে উচ্ছ্বসিত বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমানউল্লাহ শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন। জেলা পর্যায়েও শিক্ষার্থীরা ভালো ফল করে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান বলেন, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে বিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানও শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়ানোর মাধ্যমে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশ নেবে। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা থেকে মোট ১৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।











