জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাঞ্ছারামপুরে রাজপথে জামায়াত
জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাঞ্ছারামপুরে রাজপথে জামায়াত
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দ্রুত বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে দলটির বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে রাজপথে নেমে আসেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিকেল সাড়ে ৫ টায় বাঞ্ছারামপুর সরকারি কলেজ মোড় থেকে মূল মিছিলটি শুরু হয়। এরপর নেতা-কর্মীদের ঢল বড়বাজার, প্রতাপগঞ্জ বাজার ও মোল্লাবাড়ি স্টিল ব্রিজ প্রদক্ষিণ করে। উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
এই কর্মসূচিতে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমীর মো. আবুল বাশার। তাঁর সঙ্গে সামনের সারিতে ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, সেক্রেটারি মো. শামীম নুর ইসলাম এবং সহকারী সেক্রেটারি ও পৌর আমীর মো. আলাউদ্দিন সাদি।
এছাড়াও গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুফতি কামালউদ্দিন ভূঁইয়া ও মাওলানা মো. জাকারিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এনামুল হক, ১নং তেজখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সাইদুর রহমা , উপজেলা জামায়াতে ইসলামের সদস্য ও পৌর ওলামা বিভাগের সভাপতি কাজী লিটন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতা ও কর্মীরা।
নেতৃবৃন্দ অবিলম্বে জুলাইয়ের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।






