ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ: ‘রোল ৭০০৩’ নিয়ে বিতর্কের নেপথ্যে ডেটা প্রসেসিংয়ের ভুল, নথিপত্রে স্বচ্ছতার প্রমাণ

ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ: ‘রোল ৭০০৩’ নিয়ে বিতর্কের নেপথ্যে ডেটা প্রসেসিংয়ের ভুল, নথিপত্রে স্বচ্ছতার প্রমাণ
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর
ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় ‘রোল নম্বর ৭০০৩’ অন্তর্ভুক্ত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট বিতর্কের অবসান ঘটেছে। সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক নথি ও ডিজিটাল রেকর্ড পর্যালোচনা করে জানা গেছে, এটি কোনো অনিয়ম বা অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনা নয়; বরং অনলাইন ডেটা প্রসেসিংয়ের একটি কারিগরি ত্রুটি সংশোধনের মাধ্যমে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।
নিয়োগ কমিটি সূত্রে জানা যায়, আবেদনপত্র প্রাথমিক যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে পরীক্ষার দিন সকালে কয়েকজন প্রার্থী তাঁদের আবেদন বাতিলের বিষয়ে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরিস্থিতি বিবেচনায় নিয়োগ কমিটি তাৎক্ষণিকভাবে প্র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মূল আবেদনপত্র পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়।
যাচাই-বাছাইয়ে দেখা যায়, চার বছর মেয়াদি ডিপ্লোমা সনদের যোগ্যতা নির্ধারণ এবং তথ্যের অসম্পূর্ণতার কারণে কিছু আবেদনে জটিলতা তৈরি হয়েছিল। এর মধ্যে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের এক আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন ডেটা প্রসেসিংয়ের সময় একটি ভুল ঘটে। তিনি মূলত ‘সুপারভাইজার’ পদের জন্য আবেদন করলেও সিস্টেমের ত্রুটির কারণে তাঁর তথ্য ‘তথ্য সংগ্রহকারী’ পদের তালিকায় যুক্ত হয়ে যায়। ফলে সুপারভাইজার পদের প্রাথমিক তালিকায় তাঁর নাম আসেনি।
পরীক্ষার দিন সকালে ওই প্রার্থী তাঁর মূল আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়োগ কমিটির সামনে উপস্থাপন করেন। কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে কারিগরি ভুলের বিষয়টি নিশ্চিত হয় কমিটি।
পরবর্তী সময়ে নীতিমালার আলোকে ওই প্রার্থীসহ মোট পাঁচজন আবেদনকারীকে তাঁদের নিজ নিজ ইউনিয়নের ধারাবাহিকতা বজায় রেখে রোল নম্বর প্রদান করা হয়। এর অংশ হিসেবেই বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে পূর্বে বরাদ্দকৃত রোল নম্বর ৭০০১ ও ৭০০২-এর পর ওই প্রার্থীকে ‘৭০০৩’ রোল প্রদান করে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। তিনি নির্ধারিত সময়েই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছতার অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রার্থীর প্রতিটি পদক্ষেপের ডিজিটাল প্রমাণ সংরক্ষিত রয়েছে।
১. মূল আবেদন: জমা দেওয়া নথিপত্রে নিশ্চিত হওয়া গেছে যে তাঁর আবেদনটি শুরু থেকেই ‘সুপারভাইজার’ পদের জন্যই করা ছিল। ২. ডিজিটাল টাইমস্ট্যাম্প: Kobo Toolbox-এর মাধ্যমে নেওয়া ব্যবহারিক পরীক্ষার ডেটা এবং Google Sheet-এর ডিজিটাল টাইমস্ট্যাম্পে প্রার্থীর উপস্থিতির সঠিক তারিখ ও সময় সংরক্ষিত আছে। ৩. চূড়ান্ত স্বাক্ষর: ভাইভা বোর্ডের হাজিরা খাতা এবং নিয়োগ কমিটির যৌথ স্বাক্ষরিত ফলাফল শিটেও বিষয়টি লিখিতভাবে অনুমোদন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, রোল নম্বর ৭০০৩ সংযোজন কোনো পরবর্তী পরিবর্তন বা বাড়তি সুবিধা প্রদানের বিষয় নয়। এটি ছিল নিছক তথ্যগত ভুল সংশোধন। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে পরীক্ষার কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, Kobo Toolbox-এর তথ্য, ডিজিটাল রেকর্ড এবং দায়িত্বপ্রাপ্ত ভাইভা বোর্ডের সদস্যদের বক্তব্য পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতে, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ নিয়ম মেনে ও লিখিত কাগজপত্রের ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।






